রাজাকারের সন্তানকে মনোনয়ন না দেয়ার জন্য সংবাদ সম্মেলন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৪৭
 
জয়পুরহাট জেলার কালাই উপজেলার তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে অংশগ্রহনের জন্য জেলা আওয়ামী লীগের নিকট মনোনয়ন প্রত্যাশী হিসাবে আবেদন করেছেন স্বীকৃত রাজাকারের তিন সন্তান।
 
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য সূত্রে জানা যায়, এরা হচ্ছেন তৎকালীন ক্ষেতলাল থানা শান্তি কমিটির সহ সেক্রেটারি স্বীকৃত রাজাকার মৃত আব্দুল গফুরের ছেলে নূর মোহাম্মদ কালাম। তিনি আহম্মেদাবাদ ইউনিয়নের জন্য মনোনয়ন প্রত্যাশী। অপর সহ-সেক্রেটারি স্বীকৃত রাজাকার মৃত আজহারুল ইসলাম তালুকদারের ছেলে আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক। তিনি বর্তমানে মাত্রাই ইউনিয়নের চেয়ারম্যান এবং এবারও মনোনয়ন প্রত্যাশী। ওই একই কমিটির সদস্য স্বীকৃত রাজাকার মৃত মোহাম্মদ আলী ফকিরের ছেলে আব্দুল কুদ্দুস ফকির। তিনি পুনট ইউনিয়নের জন্য মনোনয়ন প্রত্যাশী।
 
তাদেরকে মনোনয়ন না দেয়ার জন্য মঙ্গলবার জয়পুরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য রাখেন পুনট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ডা. মোকসেদ আলী ফকির। সংবাদ সম্মেলনে ১৯৭১ সালের শান্তি কমিটির সদস্য ও রাজাকারের একটি তালিকা প্রদান করা হয়। সংবাদ সম্মেলনে রাজাকার মুক্ত বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রীর ঘোষনাকে স্বাগত জানানো হয় এবং জয়পুরহাটে কোন রাজাকারের সন্তানের হাতে নৌকা প্রতীক তুলে না দেয়ার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করা হয়।
 
সংবাদ সম্মেলনে এনামুল হক ফকির, মশিউর রহমান বকুল, মহব্বত আলী মুকুলসহ  অন্যান্য আওয়ামী লীগ ও যুব লীগের মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।