যশোরের শার্শার সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলার প্রধান আসামী উকিল মল্লিক (৪৫) কে অস্ত্র ও গুলিসহ আটক করেছে শার্শা থানা পুলিশ । উকিল মল্লিক শার্শার কাশিপুর গ্রামের শমসের মল্লিকের ছেলে।
শার্শা থানার ওসি মনিরুজ্জামান বলেন, উকিল মল্লিক একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, নারী-শিশু পাচার, মাদক, সন্ত্রাসী ও চাঁদাবাজির ১১টি মামলা রয়েছে। দীর্ঘ দিন সে পলাতক ছিল। আত্মগোপনে থেকে সে এলাকায় ফিরেছে এমন গোপন সংবাদ পেয়ে উপজেলার গোড়পাড়া বাজার থেকে সোমবার গভীর রাতে একটি শার্টারগান ও এক রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে।
২০১২ সালে দৈনিক গ্রামের কাগজে মাদক ও নারীশিশু পাচার সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হলে সন্ত্রাসী উকিল মল্লিকসহ তার সন্ত্রাসী দলের লোকজন ১৫ জুন রাত ১১টার সময় শার্শার কাশিপুর বাজারে সাংবাদিক জামালকে কুপিয়ে একটি চোখ তুলে হাত ও পায়ের রগ কেটে হত্যা করে। সাংবাদিক জামাল উদ্দিন যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের স্থানীয় প্রতিনিধি ছিলেন।
