আগামীকাল বুধবার এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুস্তাফিজুর রহমানকে মোকাবেলা করতে হবে ভারতীয় ব্যাটসম্যানদের। তাই ঘুরে ফিরে আসছে সেই স্মৃতি। গত বছর ঘরের মাঠে বিশ্বসেরা সব ব্যাটসম্যানকে নাকানিচুবানি খাইয়ে ছিল ১৯ বছর বয়সি এই তরুণ বোলার। আর সেই স্মৃতি হাতড়ে মুস্তাফিজের বোলিংয়ে মুগ্ধতার কথায় বললেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।
ওই সিরিজের পরই এই প্রথম মুখোমুখি ভারত-বাংলাদেশ। অবধারিতভাবে এল মুস্তাফিজ-প্রসঙ্গ। আর তাতে কোহলির কণ্ঠে ঝরল একরাশ প্রশংসা। যদিও জুনের ওই সিরিজে কোহলিকে একবারও আউট করতে পারেননি মুস্তাফিজ। তাতে কী, নিজে শিকার না হলেও চোখের সামনেই তো দেখেছিলেন, আদপে সারল্যমাখা এক তরুণ পেসার কীভাবে তাঁর দলকে নিয়ে খেলছেন!
মুস্তাফিজকে প্রাপ্য প্রশংসা দিতে এতটুকু কার্পণ্য নেই কোহলির, ‘গত একটা বছর মুস্তাফিজ সত্যি দুর্দান্ত বোলিং করেছে, বিশেষ করে আমাদের বিপক্ষে খেলার সময় থেকে। বাংলাদেশের হয়ে সে অসাধারণ খেলছে। ১৯ বছরের তরুণের এভাবে বোলিং করতে দেখা ছিল রোমাঞ্চকর।’
মুস্তাফিজের বোলিং বৈচিত্র্যে কতটা মুগ্ধ কোহলি, বোঝা গেল এই কথায়, ‘স্লোয়ার বল তো ছিলই, আবার ১৪০ কিলোমিটার গতির আশেপাশেও বল করছিল, আমাদের জন্য সেটি ছিল ব্যতিক্রমী এক অভিজ্ঞতা। নতুন বলেও খুব ভালো স্লোয়ার ও কাটার করছিল।’
