মাগুরায় মন্দিরে হামলা, ৪ দর্শনার্থী আহত

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৮
পঞ্চগড়ে পুরোহিত হত্যার একদিন পর মাগুরায় একটি কালী মন্দিরে পূজা চলাকালে দুর্বৃত্তের হামলায় চার দর্শনার্থী আহত হয়েছেন।
 
সোমবার রাতে শ্রীপুর উপজেলার বারইপাড়া গ্রামের ফাঁসতলা মহাশশ্মান কালী মন্দিরে এ হামলা হয় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। দুর্বৃত্তের মারধর ও চাপাতির আঘাতে আহতরা হলেন খামারপাড়া গ্রামের সর্দার পাড়ার তাপস সরকার, অমিত সরকার, সুব্রত সরকার ও বিপ্লব সরকার। এদের মধ্যে তাপস সরকারকে (২২) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পুলিশ রাতেই ইকবাল নামে এক যুবককে আটক করেছে।
 
ফাঁসতলা মহাশশ্মান কমিটির সভাপতি শচীন্দ্রনাথ বিশ্বাস বলেন, রাত সাড়ে ১০টার দিকে ঘটনার সময় পুরোহিত পূজা করছিলেন। ওই সময় একদল যুবক হঠাৎ পূজা দেখতে আসা কয়েকজন দর্শনার্থীকে লাঠিপেটা করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
 
আহত তাপস সরকারের বাবা বিনোদ সরকার বলেন, আটক ইকবালসহ কয়েকজন বখাটে যুবক তাদের দুর্গা মন্দিরে পূজার সময় মহিলাদের উত্ত্যক্ত করলে তাপসসহ কয়েকজন স্বেচ্ছাসেবক তাদের প্রতিবাদ করেছিল। এ কারণে তারা সংঘবদ্ধ হয়ে সোমবার রাতে এ ঘটনা ঘটিয়েছে।
 
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) এম. এ. মাজেদ বলেন, মন্দিরে হামলার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্বীকারোক্তি মোতাবেক ইকবাল নামে এক দুর্বৃত্তকে আটক করেছে।