গোপালগঞ্জে মধুমতি নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:২৩
গোপালগঞ্জে প্রতিপক্ষের মারধরের পর মধুমতি নদীতে পড়ে নিখোঁজের দুইদিন পর এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার দুপুরে মনির বিশ্বাসের (১৮) লাশ উদ্ধার করা হয় বলে  গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান। মনির খুলনার তেরখাদা উপজেলার নলিয়ারচর গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে। ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন তিনি।
 
ওসি সেলিম বলেন, গত রবিবার চর সরশপুর গ্রামে আত্মীয় আরোজ শেখের বাড়িতে বেড়াতে আসেন মনির। ওইদিন গ্রামের একটি দোকানের মালিকানা নিয়ে আরোজ শেখ ও তার ভগ্নিপতি খোকা শেখের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। ওই সময় মনিরকে সেখানে পেয়ে খোকা শেখের লোকজন মারধর করলে তিনি নদীতে পড়ে নিখোঁজ হন।
 
মঙ্গলবার দুপুরে স্থানীরা তার লাশ নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তার লাশ উদ্ধার করে।