নরসিংদীতে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৭
নরসিংদীর শিবপুরে শিবলু মিয়া (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার দুপুরে শিবপুর থানা পুলিশ একটি গাছে ঝুলন্ত অবস্থায় ওই লাশ উদ্ধার করে। সে শিবপুর উপজেলার কুন্দাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে এবং শিবপুর শহীদ আসাদ কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষার্থী ছিল।
 
জানা গেছে, শিবপুর উপজেলার কুন্দাপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিবলু মিয়া সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে কুন্দাপাড়ার উদ্দেশে বের হয়। পরে সারা রাত আর সে বাড়ি ফেরেনি। তার বাবা-মা ও আত্মীয়স্বজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পায়নি। মঙ্গলবার সকালে স্থানীয়রা কুন্দারপাড়া গ্রামের একটি আম গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শিবলুর লাশ দেখে তার বাবা-মাকে খবর দেয়। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে শিবলুর লাশ শনাক্ত করে শিবপুর থানাকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিবলুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
 
শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।