রাজশাহীর বাঘায় এসএসসির গণিত পরীক্ষায় বাঘা উচ্চবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহের সময় বিভিন্ন স্কুলের ১২ শিক্ষকের প্রত্যেককে দুই বছরের করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাঘা উচ্চবিদ্যালয় সংলগ্ন প্রচেষ্টা ৯২ নামের একটি কোচিং সেন্টার থেকে তাদের আটক করা হয়। পরে বাঘা থানায় ওই শিক্ষকদের হাজির করেন ভ্রাম্যমাণ আদালত। এরপর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আহম্মেদ সংশ্লিষ্ট শিক্ষকদের কারাদণ্ডাদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- শাপলা খাতুন, সাকিব আলী মোল্লা, আকরাম হোসেন, জিন্নাত আলী, আখতারুজ্জামান, রফিকুল, জিল্লুর রহমান, সাইদুল ইসলাম, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর, জিল্লুর রহমান ও সাখাওয়াত হোসেন। এরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এবং ওই কোচিং সেন্টারের সঙ্গে সংশ্লিষ্ট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আহম্মেদ জানান, কেন্দ্র সংলগ্ন একটি কোচিং সেন্টারে এসএসসির পরীক্ষা শুরু হওয়ার পরে ১২ জন শিক্ষক মিলে প্রশ্নপত্র বাইরে নিয়ে উত্তরপত্র তৈরি করতে থাকেন। সেখান থেকে উত্তরপত্রগুলো কেন্দ্রের ভেতরে পরীক্ষার্থীদের সরবরাহ করা হচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে ১২ শিক্ষককে আটক করা হয়। আটককৃত শিক্ষকরা অপরাধ স্বীকার করায় প্রত্যেককে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
