নওগাঁয় প্রতিবন্ধীদের জন্য ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হয়েছে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান পোরশার মোবারক হোসেন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটি নানা সমস্যায় জর্জড়িত হলেও ২০৮ জন বুদ্ধি, দৃষ্টি, বাক ও শ্রবণসহ সকল ধরনের প্রতিবন্ধীদের শিক্ষা ও সেবা দিয়ে আসছে চার বছর যাবত্। ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা হলেও পায় না কোন সরকারি সহযোগিতা। শিক্ষকরাও পান না কোনো সুযোগ-সুবিধা।
বিভাগীয় শহর রাজশাহীর একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সার্বিক সহযোগিতায় ২০১৩ সালে পোরশা উপজেলার নিতপুর কপালির মোড়ে স্থাপন করা হয় মোবারক হোসেন প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়। নিতপুর মাষ্টারপাড়ার মৃত মোবারক হোসেনের ছেলে মওদুদ আহম্মদের উদ্যোগে স্কুলটি প্রতিষ্ঠিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির ৩টি ঘরের মধ্যে দুটি ক্লাস, সেবা রুম এবং একটি অফিস রুম তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে প্রধান শিক্ষকসহ বর্তমানে ১৬ জন শিক্ষক ও কর্মচারী নিয়োগ দেয়া হয়েছে। এদের মধ্যে একজন প্রধান শিক্ষক, সিনিয়র সহকারী শিক্ষক ২ জন, ৪ জন সহকারী শিক্ষিকা, জুনিয়র শিক্ষক ৪ জন, অফিস সহকারী একজন, ২ জন শিক্ষা সহকারী, একজন এমএলএসএস ও একজন ভ্যান চালক এবং একজন নিরাপত্তা প্রহরী রয়েছেন। ৫ বছর থেকে ২০ বছর বয়স পর্যন্ত যে কোন ধরনের প্রতিবন্ধীদের এখানে ভর্তি করা হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মওদুদ আহম্মেদ জানান, প্রতিবন্ধী স্কুলটি প্রতিষ্ঠার সময় থেকে এলাকাবাসীর ব্যাপক অনুপ্রেরণা এবং সহযোগিতা পেয়ে আসছি। বর্তমানে স্কুল শিক্ষক-কর্মচারীরা কোন বেতন-ভাতা পান না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দীন শামীম জানান, ইতিমধ্যে প্রতিষ্ঠানের জন্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ও উপজেলা পরিষদ থেকে বেশকিছু অর্থ অনুমোদন করা হয়েছে। সেই অর্থ দিয়ে দুটি ঘর নির্মাণ, স্কুল মাঠ ভরাট এবং চলাচলের জন্যে গাড়ি কিনে দেয়াসহ অন্য সমস্যা সমাধান করা হবে।
