ডুবে যাওয়া নৌযান দ্রুত শনাক্তকরণে ‘যন্ত্র আবিষ্কার’

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৫:৫০
 
নৌদুর্ঘটনায় এখন পর্যন্ত অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। অনেক সময় ডুবে যাওয়া নৌযানটিও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এবার এসব নৌযান শনাক্ত করার যন্ত্র আবিষ্কৃত হয়েছে বাংলাদেশেই। আবিষ্কারক চুয়াডাঙার ছেলে শেখ শফিকুল ইসলাম।
 
শফিকুল ইসলাম ইত্তেফাক অনলাইনকে জানিয়েছেন, তিনি প্রাথমিকভাবে যন্ত্রটির নাম রেখেছেন ‘সোনার বাংলার ডিজিটাল মেশিন’। এই যন্ত্রটির দুইটি অংশ আছে। যন্ত্রটিকে আগে থেকেই নৌযানে স্থাপন করে রাখতে হবে। কোনো নৌযান ডুবে গেলে মেশিনটির একটি অংশ নৌযানটির সাথে থাকবে এবং অন্য অংশ পানিতে ভেসে উঠবে। স্রোতের টানে ডুবে যাওয়া নৌযানটি সরে গেলে পানির ওপরে ভেসে থাকা অংশটিও সরে যেতে থাকবে।
 
তার দাবি, নৌযানটি পানির যতো গভীরেই যাক না কেন তার আবিষ্কৃত যন্ত্রটির সহায়তায় ডুবুরিরা অতি দ্রুত সেটি শনাক্ত করতে পারবেন।
 
শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রায় ১৫ বছর ধরে তিনি এই যন্ত্র আবিষ্কার করার চেষ্টা করেছিলেন। ২০১৪ সালে পদ্মা নদীতে ‘পিনাক-৬’ লঞ্চডুবিতে প্রায় অর্ধশত মানুষের প্রাণহানি ও লঞ্চটি নিখোঁজ থাকার বিষয়টি তাকে অনেক বেশি আলোড়িত করে। এরপর তিনি আরো বেশি তাগিদ নিয়ে এই যন্ত্রটি আবিষ্কার করার জন্য চেষ্টা চালান।