ঠাকুরগাঁও শহরের পশ্চিম মুন্সিপাড়া এলাকা থেকে আহম্মদ হোসেন শান্ত নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা ১২টায় পশ্চিম মুন্সিপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের পশ্চিম মুন্সিপাড়া এলাকার মৃত আক্কেল আলীর ছেলে আহম্মদ আলী শান্ত অটোরিকশা চালিয়ে জীবন নির্বাহ করতেন। সপ্তাহ খানেক আগে আহম্মদের স্ত্রী তার সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে যান। তখন থেকে আহম্মদ বাড়িতে একাই থাকতেন।
বুধবার সকালে পাশের বাড়ির এক নারী দেখতে পান একজন বাড়ির আঙ্গিনায় পড়ে আছেন। তখন ওই নারীর চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। বাড়িতে ঢুকে দেখে একটি নিথর দেহ পড়ে আছে। কাছে গিয়ে দেখে অটোরিকশা আহম্মদ।
এলাকাবাসী তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। লাশের গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, লাশ পুলিশ উদ্ধার করেছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা নিয়ে পুলিশ তদন্ত করছে।
