লক্ষ্মীপুর সদর হাসপাতালে ব্র্যাকে’র একটি স্বাস্থ্য বিষয়ক সেমিনারে লক্ষ্মীপুর শহরের নাছির বিরিয়ানী হাউস থেকে আনা বিরিয়ানী খেয়ে লিটন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই বিরানী খেয়ে ৫ চিকিৎসকসহ ১০জন অসুস্থ হয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
মঙ্গলবার দিবাগত রাত ৯টার পর থেকে অসুস্থরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিতে যান।
মৃত লিটন লক্ষ্মীপুর পৌরসভার মজুপুর গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন। তার নিজ বাড়ি ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের মো. সোলায়মানের ছেলে ও লক্ষ্মীপুর উপশম হাসপাতালের আয়া পারুল বেগমের স্বামী।
আয়া পারুল বেগম জানান, ওই সেমিনার থেকে পাওয়া একটি বিরিয়ানীর প্যাকেট একজন ডাক্তার পারুলকে দেন। পারুল বিরিয়ানীর প্যাকেট বাড়ি নিয়ে স্বামীকে খাওয়ান। এরপর রাতে তার স্বামী লিটন ডাইরিয়াসহ বমি করতে শুরু করে। এক পর্যায়ে বুধবার সকাল ৯টার দিকে নিজ বাড়িতে মারা যান।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়নাল আবেদীন লিটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতাল হল রুমে সেমিনার শেষে বিরিয়ানী খাওয়ার পর তারা অসুস্থ হতে থাকেন। প্রথমে তারা বাসায় প্রাথমিক চিকিৎসা নিলেও পরে তাদের হাসপাতালে যেতে হয়েছে।
অসুস্থ্ চিকিৎসকরা হলেন ডা. ওমর ফারুক, ডা. চিন্ময় সাহা, ডা. বনি আমিন, ডা. ইকবাল হোসেনসহ ৫জন। এছাড়া ডা. আবদুর রহমান খালিদের স্ত্রীসহ আরও তিনজন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ডা. ওমর ফারুকসহ তিনজন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি আছেন। অন্যরা বিভিন্ন ক্লিনিক ও বাসায় চিকিৎসা নিচ্ছেন।
