ক্রিকেটীয় অনিশ্চয়তাটুকু বাদ দিলে ফলাফল ছিল অবধারিতই। শেষ দিনে সারা হলো কেবল আনুষ্ঠানিকতা। ব্রেন্ডন ম্যাককালামের বিদায়ী টেস্ট হারল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্চ টেস্ট ৭ উইকেটে জিতে ২-০ ব্যবধানে ট্রান্স-তাসমান ট্রফি জিতে নিল অস্ট্রেলিয়া।
এই সিরিজ জয় অস্ট্রেলিয়াকে এনে দিয়েছে আরও বড় পুরস্কার। ভারতকে টপকে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে গেছে স্টিভেন স্মিথের দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি, সুদৃশ্য সেই গদা ও মিলিয়ন ডলার প্রাইজমানি এখন স্মিথদের অপেক্ষায়। ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ হারের পর মাইকেল ক্লার্কের অবসর, দলে অনেক পালাবদলের পর স্মিথের নেতৃত্বে গুছিয়ে ওঠার পথচলাতেই ধরা দিল এই সাফল্য। সবশেষ ৯ টেস্টের ৭টিই জিতেছে অস্ট্রেলিয়া। একসময় এই জায়গাটি নিজেদের সম্পত্তি বানিয়ে ফেলা দলটি ২০১৪ সালের পর এই প্রথম উঠল শীর্ষে।
IMG0
ক্রাইস্টচার্চে জয়ের জন্য শেষ দিনে ৯ উইকেটে হাতে নিয়ে মাত্র ১৩১ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান দলকে এগিয়ে নেন জয়ের পথে। ৪৫ রান করে আউট হন উসমান খাজা। ওপেনার জো বার্নস করেন ৬৬। প্রথম ইনিংসে ১৭০ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতকে ম্যাচ-সেরা বার্নস। বলের সঙ্গে পাল্লা দেওয়া অর্ধশতকে বাকি কাজটুকু সারেন স্মিথ। অস্ট্রেলিয়ান অধিনায়ক অপরাজিত থাকেন ৪৬ বলে ৫৩ রানে। লাঞ্চের পরপর ট্রেন্ট বোল্টকে বাউন্ডারি মেরে দলকে জয় এনে দেন অ্যাডাম ভোজেস (১০*)।
এই সিরিজের আগে ম্যাককালামের নেতৃত্বে দেশের মাটিতে একটি টেস্টও হারেনি নিউজিল্যান্ড। বিদায় বেলায় ম্যাচ ও সিরিজ, দুটি হারেরই তেতো স্বাদ নিতে হলো ম্যাককালামকে। তবে তার অনুপ্রেরণাদায়ী নেতৃত্বের মাহাত্ম্য তাতে কমছে সামান্যই। কিউই ক্রিকেটে তিনি দারুণ এক পালাবদলের নায়ক হয়েই থাকবেন। আর স্মিথের নেতৃত্বে পুনর্গঠনের পথে বড় এক ধাপ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। ক্রিকইনফো।
