ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ২

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫০
 
ঝিনাইদহের শৈলকূপা ও মহেশপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন।
 
শৈলকূপা থানার ওসি মহিবুল ইসলাম জানান, বুধবার সকাল ১১টার দিকে বরুরিয়া গ্রামে স্থানীয় ভাবে তৈরি 'গ্রামবাংলা পরিবহন' উল্টে চালক আলামিন (৩০) নিহত হন। তিনি মাগুরা জেলার গয়েশপুর গ্রামের নবাব আলির ছেলে। গ্রামবাংলা পরিবহনটি মাগুরার লাঙ্গলবাঁধ বাজার থেকে কুষ্টিয়া যাচ্ছিল। বরুরিয়া পৌঁছুলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে যানটি রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান।
 
মহেশপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান, একই দিন দুপুর ১টার দিকে কালীগঞ্জ জীবননগর মহাসড়কের  হাসাদহ জোড়ামাইল নামক স্থানে নসিমন বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে।  নিহত আব্দুল খালেক (৩০) চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকুনদিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। হতাহতরা নসিমনের যাত্রী ছিল।