সরকার ও সরকারি দলের বাধার কারণেই বিএনপি মনোনীত ৮৩ জন প্রার্থী নমিনেশন পেপার জমা দিতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। বুধবার সকালে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ অভিযোগ করেন।
এ সময় তিনি আরো বলেন, কেবলমাত্র বাগেরহাট জেলাতেই ৩০ জন বিএনপির ইউপি চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র জমা দিতে দেয়া হয়নি। এ ছাড়া আরো ৪/৫ জনকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে হুমকি দেয়া হচ্ছে।
এ সময় সরকারের প্রতি হুশিয়ারি জানিয়ে তিনি বলেন, ইউপি নির্বাচনকে ঘিরে যে সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) দায়ী।
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে লিখিত বক্তব্যে রিজভী বলেন, মঙ্গলবার দুপুরে পটুয়াখালী জেলাধীন বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবদুল জব্বার মৃধার সমর্থকদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে প্রায় পঞ্চাশ জনকে আহত করেছে। এদের মধ্যে ৮ জনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
বিএনপির এই নেতা বলেন, একইদিনে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী খান আবিদুর রহমানের চেয়ারম্যান প্রার্থীতা সমর্থনকারী ও ইউনিয়ন বিএনপির সদস্য সরোয়ারকে আওয়ামী সন্ত্রাসীরা উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে জোর করে ধরে এনে বলতে বাধ্য করায় আবিদুর রহমানের চেয়ারম্যান প্রার্থীতার সমর্থন পত্রে তিনি স্বাক্ষর করেন নি।
এভাবে দেশব্যাপী যেসব স্থানে ইউপি নির্বাচন হচ্ছে সেখানে জোর করে বিএনপি প্রার্থীদের প্রস্তাবকারী ও সমর্থনকারীদের প্রকাশ্যে ধরে নিয়ে গিয়ে সমর্থন পত্রে স্বাক্ষর করেনি মর্মে জোর করে স্বীকারোক্তি আদায় করা হচ্ছে।
এ ছাড়া ফেনী জেলার ফুলগাজী উপজেলায় বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন পত্র জমা দিতে দিচ্ছেনা আওয়ামী সন্ত্রাসীরা। তারা উপজেলা নির্বাচন কার্যালয় ঘিরে রেখে বিএনপি প্রার্থীদেরকে মারধর করে তাড়িয়ে দিচ্ছে।
রিজভী বলেন, পিরোজপুর জেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কয়েকটি ইউপি সহ তেলিখালী ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা গোলাম কিবরিয়া রিপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান দিলুর ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা এবং প্রার্থীর মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম এর নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।
