আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন না পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি। তিনি বলেন, 'আগামী মাসে ভারতে অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর না নিতে পরিবার ও বন্ধু-বান্ধবদের কাছ থেকে প্রচন্ড চাপে আছেন তিনি। আগামী ১ মার্চ ৩৬ বছরে পা রাখতে যাওয়া আফ্রিদি বর্তমানে পাকিস্তানের হয়ে কেবলমাত্র টি-২০ ক্রিকেট খেলছেন এবং এ ভার্সন থেকেও এখন তিনি অবসরের কথা ভাবছেন।'
এ বছরের টি-২০ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চান বলে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৫ বিশ্বকাপের পর ঘোষণা দিয়েছিলেন আফ্রিদি। কিন্তু এখন বলছেন, এখনো তিনি কোন সিদ্ধান্ত নেননি। দুবাইতে ইএসপিএনক্রিকইনফোকে আফ্রিদি বলেন,'আমি এমন কথা বলছি না।'
খেলা চালিয়ে যাবেন কিনা প্রশ্নের জবাবে আফ্রিদি বলেন, 'আমি বলছি- আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর না নিতে আমার উপড় প্রচন্ড চাপ আছে। অর্থাৎ আমি খেলা অব্যাহত রাখতে পারি এবং আমার পরিবর্তে এখনো সত্যিকারের মেধাবীরা পাকিস্তান দলে আসেনি।'
'প্রথম আমি দেখতে চাই বিশ্বকাপে পাকিস্তানের অবস্থান কোথায়। নিজের পারফরমেন্স দিয়ে পাকিস্তান দলকে সামনে এগিয়ে নিতে আমি সক্ষম কিনা। আমার নিজের অবস্থানটাও পরীক্ষা করতে চাই। যেভাবে খেলছি তাতে আমার ফিটনেস লেবেল খুবই ভাল। শক্তিও আছে। আমি ক্রিকেট খেলতে পারি। তবে টি-২০ বিশ্বকাপের পরই আমি পরিস্কারভাবে আপনাদের সব কিছু বলতে পারব।'
ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০০৯ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে হাফ সেঞ্চুরি হাকিয়ে পাকিস্তানে শিরোপা জয়ে অন্যতম ভুমিকা রেখেছিলেন আফ্রিদি। তবে আন্তর্জাতিক টি-২০তে অধিনায়ক হিসেবে আফ্রিদিও রেকর্ড মধ্যমানের। ৩৫ ম্যাচের মধ্যে ১৬টিতে জয় পেয়েছেন এবং হেরেছেন ১৯টিতে।
