এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের দেয়া ১৬৭ লক্ষ্যে ব্যাট করতে নেমে উইকেট হারিয়ে চলছে বাংলাদেশ। এবার ইনিংসের ১২তম ওভারে রান আউটের শিকার হলেন সাকিব আল হাসান। আউট হওয়ার আগে ৮ বলে ৩ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এর আগে দলীয় ৫০ রানের মধ্যেই ৩ উইকেট হারায় বাংলাদেশে। ইনিংসের ১০ম ওভারে অশ্বিনের বলে যুবরাজের হাতে ধরা পড়েন ইমরুল কায়েস। আউট হওয়ার আগে ২৪ বলে ১৪ রান করেন বেশ কয়েকদিন পর জাতীয় দলে সুযোগ পাওয়া ইমরুল। এছাড়া ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৯ রানে ইনিংসের ৩য় ওভারে আশিস নেহরার বোল্ডের শিকার হন ওপেনার মিঠুন আলী। আউট হওয়ার ৩ বলে ১ রান করেন তিনি। এরপরই চতুর্থ ওভারে আউট হন আরেক ওপেনার সৌম্য সরকার। বুমরার বলে ধোনির হাতে কট বিহাইন্ড হওয়ার আগে এক চারে ১৪ বলে ১১ রান করেন তিনি। পরে বিপর্যয় সামাল দেন সাব্বির ও ইমরুল কায়েস। সাব্বির এখনো অপরাজিত আছেন ৪২ রানে।
এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালে রোহিত শর্মার ৮৩ রানের উপর ভর করে বাংলাদেশকে ১৬৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় তারা। সর্বোচ্চ তিন উইকেট নেন পেসার আল-আমিন। আর মাশরাফি, মাহমুদউল্লাহ ও সাকিব একটি করে উইকেট নেন।
