মিরপুরে ২১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০০:২২
আসন্ন প্রথম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বিভিন্ন কারনে ২১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ৪ জন ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ১৩ জন প্রার্থী রয়েছেন। বুধবার দিনব্যাপী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে স্ব স্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।
চেয়ারম্যান পদে আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুর রাজ্জাক, সদরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের জমির উদ্দিন, বহলবাড়ীয়ায় বিএনপির বিদ্রোহী সাইদুর রহমান ও তালবাড়ীয়ায় জাসদের বিদ্রোহী আবু সালেকের মনোনয়নপত্র বাতিল করা হয়। চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমবাড়ীয়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী আব্দুর রাজ্জাক নিজেকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু রাজনৈতিক দলের চেয়ারম্যান প্রার্থীর ক্ষেত্রে উক্ত দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর স্বাক্ষরিত মনোনয়নপত্র সংযুক্ত না থাকায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর সংশোধনী (২০১৫ সনের ২৮নং আইন) এর ৪(ঈ) ধারা মোতাবেক তার প্রার্থীতা বাতিল করা হয় বলে রিটার্নিং অফিসার ডাঃ গোপেশ চন্দ্র সরকার জানান।
তিনি আরো জানান, ঋণ খেলাপীর কারণে কুর্শা ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী মাছুরা খাতুনের মনোনয়নপত্র বাতিল হয়। সদরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের জমির উদ্দিন ভুল তথ্য প্রদান কারায় তার মনোনয়নপত্র বালিত করা হয় বলে রিটার্নিং অফিসার মোজাম্মেল করিম নিশ্চত করেন।
তিনি আরো জানান, মনোনয়নপত্রে ভুল তথ্য প্রদান করায় সদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মুক্তার আলী এবং সংরক্ষিত ১, ২ ও ৩নং ওয়ার্ডের প্রার্থী শাহানাজ মস্তফার মনোনয়নপত্র বাতিল করা হয়। অন্যদিকে ঋণ খেলাপী থাকায় বহলবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান এবং তালবাড়ীয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আবু সালেকের মনোয়নপত্র বাতিল হয় বলে রিটার্নিং অফিসার রমেশ চন্দ্র ঘোষ নিশ্চিত করেন।
তিনি আরো জানান, বহলবাড়ীয়া ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের প্রার্থী আল্লাদী খাতুনের ঋণ খেলাপী ও ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী রফিকুল ইসলাম ভুল তথ্য প্রদান করায় মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়াও রিটার্নিং অফিসার আব্দুল আজিজ জানান, ভুল তথ্য প্রদানের জন্য বারুইপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রার্থী আজাদ ও ৬নং ওয়ার্ডের প্রার্থী রহমত এবং ফুলবাড়ীয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রার্থী জয়েন উদ্দিন, ৪নং ওয়ার্ডের প্রার্থী ছুরাপ আলী, আমলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের প্রার্থী আজিবর রহমান, ৯নং ওয়ার্ডের প্রার্থী আব্দুল আলিম সুরুজ, আলিফ হোসেন ও হাসানুজ্জামান’র বয়স পূর্ন না হওয়ায় বারুইপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রার্থী সাজেদুর রহমান ও ফুলবাড়ীয়া ইউনিয়নের সংরক্ষিত ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের প্রার্থী হালিমা খাতুন, বারুইপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুলতান আলীর মনোনয়নপত্রের সাথে চালান না থাকায় এবং ৫নং ওয়ার্ডের সদস্য হাসানুর রহমান মিলনের ঋণ খেলাপী কারনে র্প্রাথীতা বাতিল করা হয়।