ধলেশ্বরীতে ট্রলারডুবির ঘটনায় এখন পর্যন্ত ৬টি মৃতদেহ উদ্ধার করা গিয়েছে।
বুধবার দুপুর সোয়া ১২টার দিকে নারায়নগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গোগনগর সংলগ্ন নদীতে এমভি রহমত উল্লাহ এক্সপ্রেস অন্য একটি ট্রলারের (বাল্কহেড) ধাক্কায় ডুবে গিয়েছিল। দুর্ঘটনাকবলিত ট্রলারটিতে মোট ৬ জন শ্রমিক ছিল। দুর্ঘটনার কিছু সময় পর দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। কিন্তু নিখোঁজ ছিলেন চারজন। রাত সাড়ে ১০টার দিকে ওই চার শ্রমিকের লাশ উদ্ধার করা হয় বলে দমকল বাহিনীর নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক দীনুমনি শর্মা সাংবাদিকদের জানিয়েছেন।
নিহত শ্রমিকরা হলেন নেজাব আলী, সুজন, সবুজ, শাহীন, তালেব ও শরীফুল। এদের সবার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায়।
উদ্ধারকাজের তদারকিতে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউছুল আযম লাশ দাফনের জন্য নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
