মশক নিধনে অবহেলায় মেয়রকে ফোন দিন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৪০
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, মশক নিধন কার্যক্রমে সংশ্লিষ্ট কোনো কর্মী যদি অবহেলা করে তবে আমার মোবাইল ফোনে সরাসরি কল দিবেন। আমার নাম্বার (০১৭১১ ৫৬ ৪৯ ৮৭)। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল প্রমুখ।
 
মেয়র বলেন, প্রতিটি নাগরিককে মেয়রের ভূমিকা পালন করতে হবে। তবেই ঢাকা শহরের পাহাড়সম সমস্যার সমাধান সহজেই সম্ভব। তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যে ৫ হাজার ডাস্টবিন বসানো হবে। কিন্তু শহরটাকে পরিচ্ছন্ন রাখতে শুধু ডাস্টবিন বসালেই চলবে না বরং তা ব্যবহারে জনগণকে সচেতন হতে হবে।
 
নগরকে নিজের ঘরের মতো পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেন, আমরা সকাল বেলা নাস্তা খেয়ে ঘর থেকে বেরিয়ে যাই। সারাদিন কাজ শেষে রাতে ঘরে ফিরি। হিসেব করলে দেখা যাবে, ঘরের চেয়ে আমরা বেশি সময় নগরে থাকি। সুতরাং ঘরের চেয়ে নগর বেশি গুরুত্বপূর্ণ।
 
তিনি বলেন, আমরা নিজের ঘরকে যেভাবে পরিচ্ছন্ন রাখি, ঠিক সেভাবে নিজের আঙিনা, নিজের এলাকা, নগরকে পরিচ্ছন্ন রাখতে হবে। চিপ্স খেলাম বা কলা খেলাম খোসাটা যেখানে-সেখানে না ফেলে নির্ধারিত জায়গায় ফেলুন। পৃথিবীর উন্নত দেশগুলোর নাগরিকরা সেটাই করেন।
 

ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে মেয়র বলেন, সকালে আমি দখলমুক্ত করে আসলাম বিকেলে আবার সেটা দখল হয়ে যায়। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনেক অর্জন। জঙ্গি দমন, আইন-শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে সবক্ষেত্রে। কিন্তু গুটি কয়েক পুলিশ কর্মকর্তার কারণে ফুটপাত দখলমুক্ত রাখা কঠিন হয়ে যাচ্ছে। পুরো দক্ষিণ সিটি করপোরেশনের রাস্তাগুলোকে এলইডি লাইটের আওতায় নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যে ৬০ শতাংশ এবং আগামী ১ বছরের মধ্যে শতভাগ এলইডি লাইটের আওতায় নিয়ে আসা হবে।