পুনঘরদীঘি স্কুলের শিক্ষার্থীরা গাছতলায় ক্লাস করছে ৪ বছর

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:১৯
আক্কেলপুর উপজেলার পুনঘরদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের অভাবে চটি বিছিয়ে শিক্ষার্থীদেরকে গাছতলায় পাঠদান করানো হচ্ছে। চার বছর ধরে এভাবেই বিদ্যালয়টিতে পাঠদান চলছে বলে জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা।
 
বিদ্যালয়টির দুই কক্ষবিশিষ্ট একটি ভবন। একটি শিক্ষকদের অফিস কক্ষ, অন্যটি শ্রেণিকক্ষ। শিক্ষকদের অফিস কক্ষের সামনে টিন দিয়ে ঘেরা ছয় গজের মতো দীর্ঘ একটি টিনের ঘর। সেই ঘরে বেড়া দিয়ে দুটি শ্রেণিকক্ষ বানানো হয়েছে। তারপরও স্থান সংকুলান না হওয়ায় বিদ্যালয় মাঠের গাছতলায় চটি বিছিয়ে শিক্ষার্থীদের পাঠদান করানো হচ্ছিল।
 
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯২১ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত। তখন তিন কক্ষের একটি ভবন ছিল। ভবনটি জীর্ণ হওয়ায় সেটি পরিত্যক্ত ঘোষণা করে স্থানীয় প্রশাসন।
 
২০১১ সালের ২৮ অক্টোবর প্রকাশ্য নিলামের মাধ্যমে প্রতিষ্ঠাকালীন ভবনটি ভেঙে বিক্রি করে দেয়া হয়। এরপর বিদ্যালয় মাঠে পুরোনো টিন দিয়ে টিনের ঘরটি বানানো হয়। সেই কক্ষে শিশু ও প্রথম শ্রেণির পাঠদান করানো হচ্ছে। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কক্ষ না থাকায় তাদের গাছতলায় পাঠদানের ব্যবস্থা করা হয়। তখন থেকেই গাছতলায় পাঠদান চলছে।
 
প্রধান শিক্ষক জামাল উদ্দিন বলেন, বিদ্যালয়টিতে ১৫৭ জন শিক্ষার্থী রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ না থাকায় চার বছর ধরে গাছতলায় পাঠদান করাতে হচ্ছে। এতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। শ্রেণিকক্ষ সংকটের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাদিরুজ্জামান বলেন, পুনঘরদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন একটি ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হয়েছে।