সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১২:৫৭
সাতক্ষীরায় গোয়েন্দা পুলিশের সঙ্গে সংঘর্ষে একব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, তিনি অপহরণকারী চক্রের সদস্য। বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার গাংনিয়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
 
গুলিবিদ্ধের নাম সাদ্দাম হেসেন (২৫)। তিনি যশোর জেলার শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের রবিউল ইসলামের ছেলে। 
 
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, গত সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে ভোমরা স্থল বন্দর এলাকা থেকে ব্যবসায়ী আব্দুস সেলিম অপহৃত হন। এ ঘটনায় যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় থেকে মঙ্গলবার গভীর রাতে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয় এবং সেখান থেকে আটক করা হয় চার অপহরণকারীকে। 
 
আটককৃতরা জানায়, বুধবার রাতে ওই একই এলাকা থেকে সাদ্দাম হেসেনকেও গ্রেফতার করা হয়। এরপর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য ভোমরা এলাকায় যাওয়ার পথে গাংনিয়া এলাকায় পুলিশের ওপর হামলা চালায় তার সহযোগীরা। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলি বিনিময়ের এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন সাদ্দাম হোসেন। তবে, অন্যান্যরা এ সময় পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শটগান ও দুইটি রাম দা উদ্ধার করেছে। পরে গুলিবিদ্ধ সাদ্দাম হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।