এফবিআইয়ের সমালোচনায় অ্যাপল প্রধান নির্বাহী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১১:১১
সান বার্নার্দিনো হামলাকারী সৈয়দ রিজওয়ান ফারুকের আইফোন আনলক করতে মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই আদালতে যাওয়ার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন অ্যাপল এর প্রধান নির্বাহী টিম কুক। তার মতে এফবিআই যে প্রস্তাব দিয়েছে সেটি বাস্তবায়ন হবে ব্যক্তিগত গোপনীয়তার ‘ক্যান্সার’ এর সমতুল্য।
 
আইএস সমর্থক সৈয়দ রিজওয়ান ফারুক ও তার স্ত্রী তাশফিন মালিক গত ডিসেম্বরে গুলি করে সান বার্নার্দিনোতে ১৪ জনকে হত্যা করে। সেই হামলাকারী রিজওয়ান ফারুকের লক হয়ে যাওয়া আইফোনের তথ্য আনলক করতে অ্যাপলের সহায়তা চায় মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। অ্যাপল সেটি না করে দিলে আদালতের শরণাপন্ন হয় এফবিআই। এই বিষয়ে এবিসির সঙ্গে সাক্ষাতকারে অ্যাপল ইনকর্পোরেটেড এর প্রধান নির্বাহী টিম কুক বলেন, এফবিআই আমাদের কোম্পানিকে সফটওয়্যারে এমন একটি পরিবর্তন আনতে বলছে যা এর জন্য ক্যান্সারের মতো হতে পারে। আমি মনে করি জনগণের নিরাপত্তা অনেক গুরুত্বপুর্ণ। মানুষের তথ্যের সুরক্ষা দেয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা জানি এফবিআই এর অনুরোধ অনুযায়ী এমনটি করলে জনগণ অনেক বেশি বিপদের সম্মুখীন হতে পারে।
 
IMG0
 
এই ধরণের সুরক্ষা যে তদন্ত বাধাগ্রস্ত করছে এবং ভবিষ্যৎ কোনো আক্রমণ ঠেকাতে যে সমস্যা হতে পারে সেই বিষয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, কিছু বিষয় আছে কঠিন এবং কিছু বিষয় আছে সঠিক। এবং কিছু বিষয় আছে কঠিন ও সঠিক দুটোই। এটা হচ্ছে এমনই একটা বিষয়। এদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে অ্যাপল আইফোনের নিরাপত্তা একটি নতুন আপগ্রেড আনার চেষ্টা করছে যাতে এফবিআই প্রস্তাবিত পদ্ধতিতে ফোন ‘আনলক’ করা অসম্ভব হয়ে যাবে। 
 
টিম কুক জানিয়েছেন তিনি এফবিআই এর আইফোন আনলক করার এই বিষয়ে প্রথম গণমাধ্যমে জানতে পারেন। তবে বিবিসি নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে অ্যাপলের লিগাল টিমকেই প্রথমে এই বিষয়ে অভিহিত করা হয়। এফবিআই এর মুখপাত্র টিম কুকের এই মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রদান করেনি। বিবিসি।