স্বামী-সতীনের পাশবিক নির্যাতনে গৃহবধূ মৃত্যুশয্যায়

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৪:০৮
ঝিনাইদহে স্বামী ও সতীনের নির্য়াতনের শিকার হয়েছেন নুরুন্নাহার নামে এক গৃহবধূ। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেছে। 
 
বুধবার শহরের বেপারিপাড়ায় এ ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী শহিদুল ইসলাম ও সতীন রহিমা খাতুন।
 
ঝিনাইদহ সদর থানার এস আই সুজন কুমার মণ্ডল জানান, ১৪ বছর আগে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার হাজরা গ্রামের জহুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলামের সঙ্গে বিয়ে হয় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বকরা আলী বিল গ্রামের ইউসুফ আলির মেয়ে নুরুন্নাহারের।
বিয়ের পরে তাদের ২টি সন্তান জন্ম হয়। ৭ বছর পরে শহিদুল ইসলাম আরও একটি বিয়ে করেন।
 
এরপর থেকেই নুরুন্নাহারকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিলেন স্বামী শহিদুল ও সতীন রহিমা খাতুন।
 
গত ২০-২৫ দিন আগে বাবার বাড়ি যাওয়া কথা বলে নুরুন্নাহারকে ঝিনাইদহ নিয়ে আসেন সহিদুল। ব্যাপারি পাড়ায় বাসা ভাড়া নেন। এরপর থেকেই স্বামী-সতীন তার  ওপর বর্বর নির্যাতন শুরু করেন।
 
গত ৭ দিন ধরে ঘরে আটকে রেখে লাঠি, হাতুড়ি ও রড দিয়ে চলে শারীরিক নির্যাতন। গত রাতে প্রতিবেশিরা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।