টাকার বিনিময়ে মহাসড়কে অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা চালানোর অনুমতি দেয়ার অভিযোগ উঠেছে বগুড়ার শাজাহানপুর থানার ওসির বিরুদ্ধে। বৃহস্পতিবার উপজেলা বাস ও মিনিবাস মালিক সমিতি সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব অবৈধ অটোরিক্সা চলাচল বন্ধ না হলে মহাসড়ক অবরোধের হুমকিও দিয়েছে পরিবহন মালিকদের এই সংগঠন।
বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে শেরপুর বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন , ২০১৫ সালের ২৫ আগস্ট যোগাযোগ মন্ত্রণালয় মহাসড়কে সবধরনের তিন চাকার যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু বগুড়ার শাজাহানপুর থানার ওসি প্রতিটি সিএনজিচালিত অটোরিক্সা থেকে প্রতিদিন ১০ টাকা করে চাঁদা নিয়ে বগুড়ার বনানী হতে শেরপুর পর্যন্ত মহাসড়কে অবাধে এসব সিএনজি চালিত অটোরিক্সা চলাচলের অনুমতি দিয়েছেন।
তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব তিন চাকার যান চলাচল বন্ধ না হলে সবধরনের বাস ও মিনিবাস চলাচল বন্ধ করে মহাসড়ক অবরোধ করা হবে। বিষয়টির দ্রুত সমাধানের জন্য বাস ও মিনিবাস মালিক সমিতি ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বাস মালিক সমিতির অভিযোগ সত্য নয়। পুলিশ মহাসড়কে এসব তিন চাকার যান চলাচলে সবসময়ই বাধা দিয়ে আসছে। তবে, পুলিশের জনবল স্বল্পতার কারণে সবসময় মহাসড়ক পাহারা দেয়া সম্ভব হয় না।
