নেপালের বিধ্বস্ত বিমানের ১৯ যাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৪৯
নেপালে বিধ্বস্ত বিমানের নিহত ২৩ যাত্রীর মধ্যে ১৯ যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার তারা জানায়, বিমানটি একটি পাহাড়ের সঙ্গে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হলে ২৩ যাত্রীর সবাই নিহত হয়। এরমধ্যে ১৯ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকর্মীরা।
 
বুধবার রাতে হিমালয়ান শহরে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ শেষ না করেই ফিরে আসতে বাধ্য হয় পুলিশ ও সেনাবাহিনী।মিয়াগাদির জেলার এই স্থানটি ভূমি থেকে ১৬ হাজার ফুট উপরে। সেখানে হেলিকপ্টার বা পায়ে হেটে উঠা ছাড়া কোনো উপায় নেই।
 
পুলিশের এসপি চবি লাল জোসি এএফপিকে বলেন, ‘আমরা সকল মরদেহ উদ্ধারে চেষ্টা করছি। আমরা এখন পর্যন্ত ১৯ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।’
 
তিনি জানান, এজন্য একটি অস্থায়ী হেলিপ্যাড তৈরি করেছে কর্মীরা। কারণ নিকটস্থ বিমানবন্দর প্রায় ২২০ কিলোমিটার দূরে। বৃহস্পতিবার সকালেই আরও দুটি হেলিকপ্টার পাঠানো হয়েছে বলেও জানান তিনি।