১২ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটে রেল চলাচল শুরু

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:৪৩
 
১২ ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ শুরু হয়েছে। মৌলভীবাজারের কমলগঞ্জে রেললাইনের নিচের মাটি সরে যাওয়ায় পর দীর্ঘ সময় বন্ধ থাকে রেল যোগাযোগ।
 
শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, রেললাইন মেরামতের পর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় চলাচল স্বাভাবিক হয়েছে।
 
ভোর সাড়ে ৫টার দিকে শ্রীমঙ্গল ও ভানুগাছের ১৫৭ নম্বর সেতু সংলগ্ন এলাকায় রেললাইনের নিচের মাটি ধসে পড়ার পর এ রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়।
 
সাখাওয়াত হোসেন জানান, ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে চট্টগ্রাম থেকে সিলেটগামী ‘উদয়ন এক্সপ্রেস’ শ্রীমঙ্গলে যাত্রা বাতিল করে ‘পাহাড়িকা’ হয়ে আবার চট্টগ্রাম ফিরে গেছে। 'এ কারণে সিলেটগামী উদয়নের যাত্রীদের শ্রীমঙ্গল নামিয়ে দেওয়া হয়।'
 
এ ছাড়া ঢাকা থেকে সিলেটগামী 'পারাবত' শ্রীমঙ্গল থেকে বিকাল ৫টার দিকে আবার ঢাকা ফিরে গেছে। এর আগে সিলেটের যাত্রীদের শ্রীমঙ্গল নামিয়ে দেওয়া হয় বলে জানান সাখাওয়াত।
 
তিনি আরো জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী 'জালালাবাদ এক্সপ্রেস' শ্রীমঙ্গলের ভানুগাছ স্টেশনে যাত্রা বাতিল করে আবার সিলেট ফিরে গেছে।  
 
কমলগঞ্জের স্টেশন মাস্টার রুস্তম আলী ফকির সকালে বলেন, রেললাইনের নিচের মাটি ধসে পড়ায় ঝুঁকি এড়াতে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে কুলাউড়া স্টেশনের প্রকৌশলী পীযূষ কান্তি দে বলেন, 'বুধবারের ভারি বর্ষণে সৃষ্ট পাহাড়ি ঢলে মাটি সরে গিয়ে প্রায় ২০ ফিট উচ্চতার গার্ডার ১৪ ফিটে নেমে এ অবস্থার সৃষ্টি হয়েছে।' বিডি নিউজ।