খুলনায় স্ত্রী হত্যার পর স্বামীর আত্মসমর্পন

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৯
খুলনায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামী মনির হোসেন (৩০) আত্মসমর্পণ করেছেন ।
 
বৃহস্পতিবার বিকালে তিনি খুলনার মুখ্য মহানগর হাকিমের আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন। আদালত তাকে পুলিশের হেফাজতে দিয়েছেন।
 
নগরীর দৌলতপুর থানার এসআই রঞ্জন দাস জানান, দৌলতপুরের মহেশ্বরপাশা সেনপাড়া বউ বাজার সংলগ্ন মান্নান ড্রাইভারের ভাড়াটিয়া মনির হোসেন বৃহস্পতিবার সকালে তার স্ত্রী রাহিমা বেগমকে (২৪) শ্বাসরোধে হত্যা করে। পরে সে নিজেই আদালতে গিয়ে ঘটনার কথা স্বীকার করেন। এরপর আদালতের নির্দেশে তাকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানায়, স্থানীয় সেনপাড়ার বাসিন্দা মনির হোসেন পারিবারিক কলহে ভুগছিলেন। এ নিয়ে মাঝে-মধ্যেই স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হতো।এর জের ধরে তিনি স্ত্রীকে হত্যা করেন। গ্রেফতারকৃত মনির স্থানীয় মুজিবুর হাওলাদারের ছেলে।