গাজীপুরে একটি গার্মেন্টে ডাকাতি করে পালানোর সময় গুলি করে ৪ ডাকাতকে আটক করেছে গাজীপুর ডিবি পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা ইসলামপুর এলাকায় ওশান গার্মেন্টে। পুলিশ কার্ভাডভ্যানসহ ডাকাতির মালামাল উদ্ধার করেছে।
গুলিবিদ্ধ ৪ ডাকাত গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।। এরা হলো- সুলতান উদ্দিন (৪২), সালাম (৪০), হামিদুল (৩০) ও মামুন (২৫)।
গাজীপুর ডিবি পুলিশের এসআই ইকবাল হোসেন জানান, মিজানুর রহমান নামে এক ডাকাত ৩/৪ দিন আগে ওশান গার্মেন্টে সিকিউরিটি গার্ড হিসেবে চাকুরি নেয়। বৃহস্পতিবার রাতে সে ওই কারখানার পাশ্ববর্তী একটি দোকান থেকে অন্যান্য সিকিউরিটি গার্ডদের পিঠা খাওয়ায়। এতে ওই সিকিউরিটি গার্ডরা অচেতন হয়ে পড়ে। রাত আড়াইটার দিকে ১৫/১৬ জনের একটি ডাকাতদল একটি হাইয়েজ মাইক্রোবাস যোগে এসে ওই কারখানায় হানা দেয়। পরে কারখানার গোডাউন থেকে সুতা ও অন্যান্য মালামাল ডাকাতি করে কারখানার কার্ভার্ডভ্যানে করে পালানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ডকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় ৪ ডাকাতকে আটক করা হয় এবং বাকিরা পালিয়ে যায়। ডাকাতির মালামাল উদ্ধার করেছে।
তিনি আরো জানান, এরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। মিজান, সুলতান, সালাম ও হামিদুলের নামে গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
