গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৩:৫৫
সাতক্ষীরার দেবহাটায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে দেবহাটা উপজেলার বহেরা গ্রামের ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
নিহতের নাম শাহানা আক্তার কেয়া (৩৫)। তিনি একই উপজেলার খেজুরবাড়ি গ্রামের আনোয়ারুল ইসলামের দ্বিতীয় স্ত্রী। 
 
নিহতের ভাই ও কুলিয়া ইউপি সদস্য সেলিম রেজা সবুজ জানান, তার বোনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে তার ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 
 
দেবহাটা থানার উপ-পরিদর্শক (এসআই) জাকারিয়া জানান, দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রেজা আলী সরদারের মেয়ে শাহানা আক্তার কেয়া কয়েক বছর আগে তার প্রথম স্বামীর কাছ থেকে তালাকপ্রাপ্ত হন। মাস ছয়েক আগে তিনি খেজুরবাড়ি গ্রামের আনোয়ারুল ইসলামের সঙ্গে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বহেরার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন। দাম্পত্য জীবনে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো।
 
নিহতের ছেলে সাদের উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরে আনোয়ারুল ইসলাম তার স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার পর ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যান। এরপর রাতে তার লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।