বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষা রক্ষায় ১০ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন আদিবাসী মুক্তি মোর্চার নেতৃবৃন্দ। শুক্রবার বেলা ১১টায় সংগঠনের শিরোইলস্থ নিজস্ব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, ভাষা হারিয়ে যাবার সাথে সাথে আদিবাসী জাতিগোষ্ঠীরাও হারিয়ে যাচ্ছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক যোগেন্দ্র নাথ সরেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপদেষ্টা চিত্তরঞ্জন সরদার, প্রেসিডিয়াম সদস্য হিংগু মুরমু, রাজশাহী জেলা সভাপতি বাবুলাল মুরমু, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি বিশ্বনাথ মাহাতো, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হোপনা কিসকু প্রমূখ।
১০ দফা দাবি হচ্ছে : বাংলাদেশের সকল আদিবাসী জাতিগোষ্ঠীর মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতি; আদিবাসী শিশুদের জন্য নিজস্ব মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম চালু; আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষার সংকট নিরসন; আদিবাসীদের শিক্ষা কার্যক্রমে নিজস্ব ৬টি ভাষার জাতিগোষ্ঠীর মধ্যে সাঁওতাল, উরাও, গারো, চাকমা, মারমা ও ত্রিপুরার মধ্যে স্থগিত হওয়া সাঁওতালী ভাষার কার্যক্রম অবিলম্বে চালু; প্রতিটি জেলা ও বিভাগীয় শহরে আদিবাসী ভাষা ও সংস্কৃতি একাডেমি স্থাপন; আদিবাসী ভাষা ও সংস্কৃতি রক্ষায় প্রাতিষ্ঠানিক গবেষণায় আদিবাসী বিশেষজ্ঞ নিয়োগ; আদিবাসী ভাষা ও সংস্কৃতি রক্ষায় কেন্দ্রীয় পর্যায়ে আদিবাসী সংস্কৃতি একাডেমি স্থাপন; সরকারি অর্থায়নে নির্মিত ও ধ্বংসপ্রায় সকল আদিবাসী একাডেমি জরুরি ভিত্তিতে সংস্কার; আদিবাসীদের মাতৃভাষার উন্নয়ন ও বিকাশের ক্ষেত্রে উচ্চশিক্ষা ও গবেষণায় আর্থিক বরাদ্দ এবং ১৯৫৩ সালে ভাষার সমান মর্যাদা প্রশ্নে 'ঙ' নম্বর ধারার (ছোট বড় সকল ভাষা-ভাষি জনসমষ্টির নিজ নিজ ভাষায় শিক্ষা লাভের অধিকার) পূর্ণাঙ্গ বাস্তবায়ন।
