নিখোঁজের এক সপ্তাহ পর একটি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে কামরুজ্জামান নান্নু (২৬) নামের এক পশু চিকিৎসকের লাশ উদ্ধার করেছে জেলার শিবগঞ্জ থানা পুলিশ। শুক্রবার বেলা ২ টার দিকে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাঙ্ক থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কামরুজ্জামান নান্নু জেলার কাহালু উপজেলার ছোট ভাদাহার গ্রামের কমর উদ্দিন মজনুর ছেলে।
নিহত নান্নুর বাবা মজনু জানান, দুই সন্তানের জনক নান্নু গ্রামে গ্রামে ঘুরে পশুর চিকিৎসা করতো। গত ১৯ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে। পরদিন ২০ ফেব্রুয়ারি তার নিখোঁজ হবার বিষয়টি কাহালু থানা পুলিশকে জানানোর পাশাপাশি একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১ টার দিকে পার্শ্ববর্তী ছাতুয়া গ্রামের লোকজন প্রাথমিক বিদ্যালয়ের ল্যাট্রিনের সেপটিক ট্যাংকে মানুষের পা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর দুইটার দিকে লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর নিহতের স্বজনেরা এটি নান্নুর বলে সনাক্ত করেন।
পুলিশ ধারণা করছে, নান্নুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করার উদ্দেশ্যে সেপটিক ট্যাংকে ফেলা হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তদন্ত করে হত্যা রহস্য উদঘাটন করা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তবে হত্যাকাণ্ডের কোন ক্লু এখনও পাওয়া যায়নি।
