চান্দিনায় প্রশাসনের উদ্যোগে বাল্য বিয়ে বন্ধ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:১৪
 
কুমিল্লার চান্দিনায় প্রশাসনের উদ্যোগে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো মাদ্রাসা ছাত্রী ইসরাত জাহান।
 
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মহিচাইল গ্রামে ইসরাত জাহানের বিয়ের অনুষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযানে তার বিয়ে বন্ধ করা হয়।
ইসরাত জাহান (১৫) ওই গ্রামের প্রবাসী স্বপন মিয়ার মেয়ে। সে মহিচাইল দেওয়ান উলুম মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী।
 
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় থানা অফিসার ইন-চার্জ (ওসি) রসুল আহমদ নিজামী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
 
নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন জানান, মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ের আয়োজন করা হয়েছে শুনে আমরা বিয়ে বাড়িতে যাই। মেয়ের মা সেলিনা বেগম তার মেয়েকে বাল্য বিয়ে দিবেনা মর্মে লিখিত অঙ্গীকার করায় বিয়ের আনুষ্ঠানিকতা বন্ধ করে স্থানীয় জনপ্রতিনিধিদের উপর দায়িত্ব দেই।