রাজশাহীতে সুজনের বিভাগীয় প্রতিনিধি সভায় অভিমত

'দলীয় প্রতীকে ইউপি নির্বাচন; সংঘাত আরো বাড়তে পারে'

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪৬
 
সুশাসনের জন্য নাগরিক-সুজনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভায় বক্তারা অভিমত দিয়েছেন, 'সাম্প্রতিক নির্বাচনগুলোতে নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদের নির্বাচন সংঘাত আরো বাড়তে পারে। আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যও শুরু হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে।'
 
শুক্রবার রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সুজনের বিভাগীয় প্রতিনিধি সভাপতিত্ব করেন রাজশাহী জেলা কমিটির সহ-সভাপতি পিয়ার বক্স। মূখ্য আলোচক ছিলেন দি হাঙ্গার প্রজেক্টর উপ-পরিচালক (প্রশাসন)  স্বপন কুমার সাহা। সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের সঞ্চলনায় স্বাগত বক্তব্য দেন সুজন রাজশাহী মহানগর সম্পাদক ডা. হেমায়েতুল ইসলাম আরিফ। বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলার সভাপতি মো. আব্দুল হালিম, নওগাঁ জেলার সভাপতি আবুল কালাম আজাদ, রাজশাহী জেলার সম্পাদক মাহমুদুল আলম মাসুদ, নাটোর জেলার সম্পাদক রওশন আরা শ্যামলী, চারঘাট উপজেলার সহ-সভাপতি এস এম মোজাম্মেল হক, মোহনপুর উপজেলার সভাপতি আসাদ আলী, সাথিয়া উপজেলার সভাপতি দাইন উদ্দীন ও পত্নীতলার সভাপতি বুলবুল চৌধুরী প্রমূখ।
 
বক্তারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র অর্জনের জন্যই মুক্তিযুদ্ধ হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমেই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যেখানে সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। কিন্তু স্বাধীনতার ৪৫ বছরেও এগুলো অর্জনের পথে না থাকায় বাংলাদেশ বারবার পথ হারিয়ে ফেলছে। নাগরিকদের স্বার্থে আসন্ন ইউপি নির্বাচনে নির্বাচন কমিশনকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের এবং গণমাধ্যমকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তারা আরো বলেন, 'সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি ভালো নির্বাচন অনুষ্ঠান সম্ভব।'
 
সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও ইউনিয়ন সুজনের প্রতিনিধিরা ২০১৫ সালের কার্যক্রমের প্রতিবেদন এবং ২০১৬ সালের কার্যক্রমের পরিকল্পনা উপস্থাপন করেন। সভায় রাজশাহী বিভাগের ৮ জেলার ১০৮ প্রতিনিধি অংশগ্রহণ করেন।