ডেমরায় স্বর্ণের দোকানে ডাকাতি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৫
 
রাজধানীর ডেমরায় প্রকাশ্যে জুয়েলার্সের দোকানি ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে সারুলিয়া মনুমোল্লা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় কেয়া জুয়েলার্সের এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল দোকান কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ৮০ ভরি স্বর্ণ ও ৫ লাখ টাকা লুট করে।
 
কেয়া জুয়েলার্স দোকানের কর্মচারী অমর, উত্তম ও তনু বলেন, দুপুরে ৮/১০ জনের একটি ডাকাত দল হঠাত্ দোকানে প্রবেশ করে। এ সময় সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। দোকানের ক্যাশ বাক্স হাতানোর চেষ্টা করলে তার বাধা দেয়। এ সময় ডাকাতদল উত্তমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ডাকাতদল প্রায় ৮০ ভরির স্বর্ণালঙ্কার ও ৫ লাখ টাকা লুট করে দ্রুত পালিয়ে যায়।
 
দোকান মালিক উত্তম পালের ভাই হরিস চন্দ্র পাল জানান, গত বৃহস্পতিবার চিকিত্সার জন্য উত্তম পাল ভারতে গিয়েছেন। ডাকাতদল এ সুযোগকে কাজে লাগিয়েছে। তার ধারণা, ডাকাতির ঘটনাটি পরিকল্পিত।
 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কাওসার আহমেদ বলেন, জুম্মার নামাজের সময় ডাকাতি হয়েছে। তখন মার্কেটের অন্যান্য দোকান বন্ধ থাকলেও তাদের দোকান খোলা ছিল। আর এ সুযোগে হয়ত ডাকাত দল এ ঘটনা ঘটায়। লুটকৃত স্বর্ণ ও টাকা উদ্ধারসহ ডাকাতদের চিহ্নিতের চেষ্টা চলছে। এজন্য দোকানের কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হবে।