কৃষি কাজের জন্য আমদানীকৃত ইটবাহী ট্রাক্টর ট্রলির সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে। সংঘর্ষে তাৎক্ষনিকভাবে প্রাণ হারিয়েছে মোটারসাইকেল চালক নাজমুল হোসেন (৪৫) ও নাছির উদ্দিন (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী। শুক্রবার বেলা ১২ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাগহাটা নামকস্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে।
নিহত নাজমুল হোসেনের বাড়ী ঢাকার মিরপুরে বলে জানা গেছে এবং নাছির উদ্দিনের গ্রাম ঠিকানা পাওয়া যায়নি। তবে তার পকেটে নড়াইল থেকে প্রকাশিত দৈনিক সন্ধ্যাবানী পত্রিকার ফটো সাংবাদিক হিসেবে একটি পরিচয়পত্র পাওয়া গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা বারটার দিকে ঢাকা থেকে নরসিংদীগামী একটি মোটরসাইকেল বাগহাটা মসজিদের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালক নাজমুল হোসেন ও নাসির উদ্দিনের মৃত্যু হয়। একই সময় আহত হয়েছে আরো একজন। তবে তার পরিচয় জানা যায়নি। তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটিকে আটক করে।
নরসিংদী সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মঞ্জুর মোর্শেদ সাংবাদিকদেরকে জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কৃষি কাজের জন্য বিদেশ থেকে বাংলাদেশে আমদানি করা হয় বহুসংখ্যক ট্রাক্টর। এসব ট্রাক্টর এখন কৃষি কাজে ব্যবহৃত না হয়ে ব্যবহৃত হচ্ছে ইটের ভাটায়। ট্রাক্টর চালাচ্ছে ইটখলার শ্রমিকরা। তাদের কোন ড্রাইভিং লাইসেন্স নেই। তাদের অধিকাংশের বয়সও সর্বোচ্চ ১৫ বছর। ট্রাক্টর ইঞ্জিনের পিছনে যেখানে লাগানোর কথা লাঙ্গলের ফলা। সেখানে লাগানো হচ্ছে স্টিলের ট্রলি। এসব গাড়ি রাস্তায় চালানো নিষিদ্ধ হলেও রহস্যজনক কারণে মহাসড়কে অবিরাম চলাচল করছে। বহন করছে ইট, বালু, মাটিসহ বিভিন্ন মালামাল। পুলিশ রহস্যজনক কারণে তাদের চলাচলে কোন বাধা দিচ্ছে না। এসব ট্রাক্টর ট্রলি মহাসড়ক দিয়ে চলাচল করার সময় সচেতন লোকদেরকে দৌড়ে নিরাপদ আশ্রয়ে যেতে দেখা যায়। ওরা বলে এই ট্রাক্টর ট্রলি কখন কার উপরে উঠে যায়, কার মৃত্যু ঘটায়, কার সর্বনাশ ঘটায়, এর কোন নিশ্চয়তা নেই।
