সিলেটের জৈন্তাপুরে দু‘স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে পুলিশের ধারণা ফ্রুটো জুস পান করায় এর বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে।
নিহত দুই স্কুল ছাত্রী হলো কানাইঘাট উপজেলার দূর্গাপুর হাই স্কুলের ৮ম শ্রেনীর ছাত্রী ও ধলকিরাই গ্রামের স্কুল ছাত্রী ইমরানা বেগম (১৫), এবং জৈন্তাপুর উপজেলার পূর্বলক্ষী প্রসাদ(পাতন) গ্রামের স্কুল রসনা বেগম (১৪)। সম্পর্কে তারা একে অপরের খালা-ভাগনি।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির জানান,লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে-তবে কি কারনে মৃত্যু হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তার ধারণা, ফ্রুটো আমের জুসের মধ্যে কোন বিষক্রিয়া থাকতে পারে। অধিকতর তদন্তের জন্য লাশ ২টি সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে আলামত হিসেবে ফ্রুটো আমের জুসের বাকি অংশ সংরক্ষণ করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টায় তারা দরবার সিএনজি স্টেশনে আসে এবং চতুল এলাকায় যাওয়ার জন্য একটি সিএনজি অটোরিকশা (সিলেট-থ-১৩-১১১৪) ভাড়া করে।
পথিমধ্যে দরবার ইউনিয়ন পরিষদের সম্মুখে যাওয়ার পর সিএনজি অটোরিকশা থেকে ইমরানা বেগম পড়ে যায় এবং অপরজনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে পুনরায় সিএনজি অটোরিকশা স্টেশনে নিয়ে আসে। সেইসঙ্গে বিষয়টি ইউপি চেয়ারম্যানকে অবহিত করে। চেয়ার্যান তাদের দ্রুত চিকিৎসার জন্য জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণের নির্দেশ দেন। তাদের জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার সংবাদ পেয়ে দূর্গাপুর স্কুলের সহকারি শিক্ষক বিকাশ কুমার দাশ জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। তাদের স্কুলের শিক্ষার্থী বলে শনাক্ত করেন। পরে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির এবং অফিসার ইনচার্জ(তদন্ত) জালাল উদ্দিন, দরবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামাল আহমদ স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন।
