মিরসরাইয়ে স্বর্ণের দোকানে ‍ডাকাতি, আহত ৫

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৮:৩৮
চট্টগ্রামের মিরসরাইয়ে শামীম জুয়েলার্সে আড়াইশ’ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখের বেশি টাকা লুটে নিয়েছে ডাকাত দল। শুক্রবার সন্ধ্যায় বারইয়ারহাট পৌর বাজারের মসজিদ গলির ওই জুয়েলারি দোকানে এ ঘটনা ঘটে।
 
এ সময় ডাকাতদের ছোড়া হাতবোমার স্প্রিন্টারের আঘাতে পৃথক দুই দোকান কর্মচারী ও শামীম জুয়েলার্সের তিন স্টাফ আহত হন। 
 
আহতরা হলেন- বাদল স্টোরের শিফন, করিম ব্রাদার্সের শাহাজাহান, শামীম জুয়েলার্সের মালিকের ছেলে সাইফুল ইসলাম বাপ্পী, স্টাফ নিজা উদ্দিন ও জিয়াউল হক। 
 
IMG0
 
বাপ্পি জানান, সন্ধ্যায় ২০/২২ সশস্ত্র ডাকাত দল দু’টি মাইক্রোবাসে করে পৌর বাজারের মসজিদ গলিতে প্রবেশ করে। এদের মধ্যে ৮/৯ ডাকাত সদস্য দোকানে প্রবেশ করে কয়েকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে। কিছু বুঝে ওঠার আগেই ডাকাতরা দোকানের প্রবেশমুখে বেশ কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটালে চারদিক অন্ধকার হয়ে যায়। মাত্র দেড় মিনিটের ব্যবধানে ডাকাতরা দোকানের প্রায় আড়াইশ’ ভরি স্বর্ণ লুটে নেয় বলে দাবি বাপ্পির।
 
জোরারগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ডাকাতরা পালিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। ডাকাতদের শনাক্তে শামীম জুয়েলার্সের দু’টি সিসিটিভি ফুটেজ ও মসজিদ গলির একাধিক দোকানের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে।