এক্সপেরিয়া জেড’কে বিদায় জানালো সনি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৫১
বাজার দখলের মেকানিজমে ঘাটতি থাকলে খুঁড়িয়ে চলতে চলতে এক পর্যায়ে হারিয়ে যাওয়া ছাড়া উপায়ই নেই। সনির জেড সিরিজের স্মার্টফোনের বেলায় সেটাই ঘটল।
 
স্মার্টফোনের ডিজাইনে বরাবরই চমক আছে প্রযুক্তি প্রস্তুতকারক সনির, কিন্তু বাজার দখলের মেকানিজমে চমৎকারিত্ব নেই। ফলে প্রযুক্তিপণ্য জায়ান্ট অ্যাপল এবং স্যামসাংয়ের তুলনায় অবধারিতভাবে পিছিয়ে পরতে হয়েছে জাপানভিত্তিক এই প্রতিষ্ঠানকে।
 
বাজার ধরতে না পারায় গুণতে হচ্ছে লোকসান, তাও অব্যাহতভাবে। আর এরই খেসারত হিসেবে এক্সপেরিয়া জেড সিরিজের স্মার্টফোন উত্পাদন বন্ধের ঘোষণা দিয়েছে এক সময়ের তুমুল জনপ্রিয় এই স্মার্টফোন ব্র্যান্ড।
 
সনির স্মার্টফোন বলতে এক্সপেরিয়া জেড সিরিজের নামগুলোই বেশি আসে। এখনো এই সিরিজের স্মার্টফোনে আস্থা রাখেন গ্রাহকরা। তবে এই আস্থায় আশার আলো দেখছে না সনি। আর তাই এবারের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে সনির নতুন তিনটি এক্সপেরিয়া স্মার্টফোনের নাম ঘোষণা করা হয়। সেখানে জেড সিরিজকে ইতি জানিয়ে এক্স, এক্সএ ও এক্স পারফরমেন্স নামের তিন স্মার্টফোন আনার কথা জানানো হয় প্রযুক্তিবিশ্বকে।
 
এক্সপেরিয়া জেড সিরিজ বন্ধ করলেও এক্স সিরিজের স্মার্টফোন দিয়ে বাজার দখলের চেষ্টা অব্যাহত রাখবে সনি। এই কথা জানাতেও ভুলেনি সংশ্লিষ্টরা।
 
বৈশ্বিক স্মার্টফোন বাজারে বেশ কয়েক বছর ধরেই ধুঁকছে সনি। সম্প্রতি এক ঘোষণায় এক্সপেরিয়া জেড সিরিজের স্মার্টফোন তৈরি বন্ধের কথা জানায়। ফলে এক্সপেরিয়া জেড, জেডআর, জেডএল, জেড কম্প্যাক্ট এবং জেড প্রিমিয়াম মডেলসহ জেড সিরিজের আর কোনো ডিভাইস তৈরি করবে না প্রতিষ্ঠানটি।
 
সনির বিবৃতি অনুযায়ী, এক্সপেরিয়া জেড সিরিজ অন্তিম পর্যায় পৌঁছেছে। সনির জেড সিরিজের বিবর্তিত রূপ হিসেবে আনা হয়েছে এক্সপেরিয়া এক্স সিরিজের স্মার্টফোন। এটি একটি নতুন অধ্যায়ের সূচনা। সনির এক্সপেরিয়া জেড সিরিজ সর্বশেষ অ্যাডভান্সড প্রযুক্তিগুলো স্মার্টফোনে যুক্ত করেছে। ঠিক তেমনি এক্সপেরিয়া এক্স সিরিজ স্মার্ট ডিভাইস, ক্যামেরা, ব্যাটারি পারফরম্যান্স, হার্ডওয়্যার, সফটওয়্যারের ক্ষেত্রে অ্যাডাপ্টিভ সনি ইউজার অভিজ্ঞতা প্রদান করবে।