নওগাঁয় যুবকের মৃতদেহ উদ্ধার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১০:০৫
নওগাঁর আত্রাইয়ে জহুরুল ইসলাম (৩২) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯ টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের বাঁকা গ্রামে রাস্তার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। জহুরুল ইসলামের বাড়ী নাটোর জেলার সিংড়া থানা বলে জানা গেছে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই উপজেলার বাঁকা গ্রামে রাস্তায় পাশে ওই যুবকের মৃতদেহ পড়ে ছিল। সকালে স্থানীয়রা দেখতে পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
 
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসুদ চৌধূরী জানান, রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় ওই যুবক পড়ে ছিলেন। ঘটনার সঠিক কারণ না জানা গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জহুরুল ইসলামকে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্ত করলে প্রকৃত ঘটনা উদঘাটন করা সম্ভব হবে। 
 
এ ব্যাপারে থানায় মামলা দায়ের শেষে লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।