বিশ্বজুড়ে হারিয়ে যাওয়া ফিফার গ্রহণযোগ্যতা পুনরায় ফিরিয়ে আনার জন্য নব নিযুক্ত সভাপতি গিয়ান্নি ইনফানতিনোকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন নির্বাচনে পরাজিত প্রার্থী শেখ সালমান বিন ইব্রাহীম আল খলিফা।
এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রধান শেখ সালমান শুক্রবার ফিফা সভাপতি নির্বাচনে ইউয়েফা সেক্রেটারি জেনারেল ইনফানতিনোর কাছে ভোটে পরাজিত হন। কিন্তু পরাজয়ের পরেও এশিয়ান ফুটবলের পক্ষ থেকে সেপ ব্ল্যাটারের উত্তরসূরীকে স্বাগত জানিয়েছেন বাহরাইনের রাজ পরিবারের সদস্য শেখ সালমান।
তিনি বলেছেন, এএফসি নতুনভাবে সংগঠিত ফিফা ও এর নতুন সভাপতি গিয়ান্নি ইনফানতিনোর সাথে কাজ করার জন্য মুখিয়ে আছে। সারা বিশ্বজুড়ে ফিফার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনাই এখন নতুন সভাপতির মূল চ্যালেঞ্জ। বিশ্বের সবচেয়ে জনবহুল মহাদেশ এশিয়া এবং এখানে ফুটবল তার স্বাভাবিক গতিতেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। নিজস্ব ধারা বজায় রেখে এএফসি ফিফার পুনর্গঠনে সব ধরনের ভূমিকা পালন করবে।
সভাপতি পদে পরাজিত হলেও শেখ সালমান বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাকে এগিয়ে নিয়ে যাবার জন্য সকলের একাত্মতা কামনা করেছেন। একইসাথে সব ধরনের দুর্নীতি থেকে ফিফাকে রক্ষা করার অনুরোধ জানিয়েছেন। ইনফানতিনোর ওপর পূর্ণ আস্থা রেখেই তিনি অন্য সবাইকে এজন্য সহযোগিতার আহ্বান জানান।-বাসস।
