সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর এলাকায় চারটি কাভার্ড ভ্যান ভর্তি ৭৬ টন ভারতীয় মার্বেল পাথর জব্দ করা হয়েছে। জব্দকৃত মার্বেল পাথরের মূল্য ছয় কোটি টাকা।
শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে ভোমরা বিওপির সুবেদার হুমায়ন কবিরের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব মার্বেল পাথর জব্দ করা হয়। তবে বিজিবি এ সময় কাউকে আটক করতে সক্ষম হয়নি।
জানা গেছে, ভারত থেকে বিপুল পরিমাণ মার্বেল পাথর বৈধ কাগজ পত্র ছাড়াই ভোমরা স্থল বন্দর এলাকা দিয়ে আনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি স্থল বন্দর সংলগ্ন বাশকল এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে চারটি কাভার্ড ভ্যান ভর্তি এসব মার্বেল পাথর জব্দ করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে এ সময় কাভার্ড ভ্যানের চালক ও সহকারীসহ অন্যরা পালিয়ে যায়।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরমান হোসেন পিএসসি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
