ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শনিবার বাস চাপায় এক বৃদ্ধ নিহতের ঘটনায় বিক্ষুব্ধ জনতা স্পিড ব্রেকারের দাবিতে ঢাকা-শেরপুর-হালুয়াঘাট মহাসড়ক অবরোধ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০ টার দিকে ময়মনসিংহ থেকে ফুলপুরগামী একটি বাস সড়ক পারাপারের সময় ওয়াজেদ মিয়া (৭৫) নামে এক বৃদ্ধকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে বিক্ষুব্ধ জনতা সড়কে গাছের গুড়ি ফেলে স্পিড ব্রেকারের দাবিতে মহাসড়ক অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্পিড ব্রেকারের স্থাপনের আশ্বাস দিলে আধ ঘণ্টা পর অবরোধ তুলে নেয়।
ফুলপুর থানার ভারপাপ্ত কর্মকর্তা ( ওসি) আলী আহাম্মদ মোল্লা জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। স্পিড ব্রেকারের বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
