সুন্দরবন সংলগ্ন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে দেড় মণ ওজনের বিরল প্রজাতির চাকল মাছ।
শনিবার ভোর রাতে উপজেলার গাবুরা ইউনিয়নের নেছার আলী গাজীর বড়শিতে মাছটি ধরা পড়ে।
সকালে মাছটি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে নেছার আলী গাজী মাছটি বিক্রি করতে নিয়ে যান।
স্থানীয় এলাকাবাসী ও জেলেরা জানান, জলজ এই প্রাণীটি দেখতে অনেকটা শাপলা পাতার মতো। তবে এই ‘মাছ’ তারা এর আগে কখনও দেখেনি।
মাছটির ছবি দেখে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক অলিউর রহমান বলেন, ‘এটি একটি বিরল প্রজাতির মাছ। যার বৈজ্ঞানিক নাম Himantura Leoparda । চীন ও ভারত সাগরে এদের বেশি দেখা যায়। বঙ্গোপসাগরেও আছে, তবে সেখানে সংখ্যায় কম। এই মাছের অসাধারণ বৈশিষ্ট্য হলো এই মাছ মুখ দিয়ে বাচ্চা প্রসব করে।’
