প্রার্থী খুঁজে পাচ্ছে না বিএনপি : কামরুল

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৮:১৭
 
বিএনপি প্রার্থী না পাওয়ায় ৭০টি ইউনিয়নে ধানের শীষ প্রার্থী নেই বলে জানালেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। দেশজুড়ে সাড়ে সাতশ’ ইউপিতে নির্বাচনের প্রচার চলার মধ্যে শনিবার ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, 'প্রকৃতপক্ষে বিএনপি তৃণমূলে নির্বাচন করতে গিয়ে নেতা খুঁজে পাচ্ছে না। কারণ তৃণমূলে নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য নেতৃত্ব বিএনপি গড়ে তুলতে পারেনি।'
 
প্রথম পর্যায়ে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে আসছিলেন, মনোনয়নপত্র জমা দিতে তার দলের নেতাদের বাধা দেওয়া হচ্ছে। মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হওয়ার পর দেখা যায়, ৭০টি ইউনিয়নে বিএনপির প্রার্থী নেই। যেসব প্রার্থী রয়েছেন তাদেরও মনোনয়নপত্র প্রত্যাহারে চাপ দেওয়া হচ্ছে বলে রিজভীর অভিযোগ।
 
আওয়ামী লীগ নেতা কামরুল বলেন, 'প্রার্থী খুঁজে পাচ্ছে না বলেই নির্বাচনকে বিতর্কিত করার জন্য রোজই তারা (বিএনপি) সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশন ও সরকারকে দোষারোপ করছে। সংবাদ সম্মেলন করা বিএনপির এখন রুটিন ওয়ার্ক হয়ে গেছে।' নির্বাচনকে বিতর্কিত না করে তৃণমূলে দল গোছানোর জন্য বিএনপি নেতাদের পরামর্শ দেন কামরুল।