বিশেষ শিশুদের নিয়ে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৩
বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক শিক্ষার্থীদের নিয়ে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০১৫ আয়োজন করেছে সুইড বাংলাদেশ। প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন জেলার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীরা। শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে শ্রী বীরেন শিকদার বলেন, ‘ বিশেষ শিশুদের নিয়ে এমন আয়োজন সত্যিই প্রশংসনীয়। একইসঙ্গে এমন আয়োজন পৃষ্ঠপোষকতা করার জন্য সবাইকে ধন্যবাদ।
 
বিশেষ শিশুদের (বুদ্ধি প্রতিবন্ধি ও অটিস্টিক) নিয়ে কাজ করতে ১৯৭৪ সালের ২৪ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে সুইড (সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অব দ্য ইন্টেলেকচুয়ালি ডিসঅ্যাবল্ড) বাংলাদেশ। বাংলাদেশের বুদ্ধি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের সুমহান লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে তারা।তারই ধারাবাহিকতায় এই আয়োজন বলে জানান আয়োজকরা।
 
এবারের এই জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ২৪টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে অর্জনকারী শিশু-কিশোরদের পুরস্কার প্রদান করা হয়।
 
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অতিরিক্ত পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশের সভাপতি মো. মোসলেম, জওয়াহেরুল ইসলাম মামুন ও কর্মকর্তা মো. আল আসাদুর রশিদসহ অন্যান্যরা।