বাংলাদেশেকে সমীহ মালিঙ্গার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৫৪
এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। মাঠে নামার আগে বাংলাদেশের পেস আক্রমণের প্রশংসা করলেন শ্রীলঙ্কার পেসার লাসিথ মালিঙ্গা।
 
শনিবার ফতুল্লা খান সাহেব ওসামান আলী স্টেডিয়ামে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের কথা বলার সময় তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই বাংলাদেশের বোলিং বিভাগ বেশ ভালো। আমরা সবাই তা জানি। আমরা নিশ্চিত বাংলাদেশ তাদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছে। তবে বাংলাদেশের পেস আক্রমণ ঠেকানোর জন্য কী করতে হবে, তা আমাদের জানা আছে। কে বোলিং করছে এইসব নিয়ে আমরা একদম ভাবছি না। বরং একটি একটি বল নিয়ে ভাবছি।’
 
বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি কিভাবে নিচ্ছেন জানতে চাইলে মালিঙ্গা বলেন, ‘কালকের (রবিবার) ম্যাচটি আমাদের জন্য সাধারণ একটি ম্যাচই। এশিয়া কাপ খেলছে পাঁচটি দল। প্রত্যেকটি দলই কঠিন। কোনও দলকেই আমরা হালকাভাবে নিচ্ছি না। কালকের প্রতিপক্ষ কে- সে দিকে আমাদের মনোযোগ নেই! ম্যাচে কার কি দায়িত্ব সবাই এসব খুব ভালো ভাবেই জানে। আমার মনে হয় প্রতিপক্ষ নিয়ে না ভাবাই ভালো।’