ফরিদপুরের সালথায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে—কয়েক দিন আগে গট্টি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম মোল্যার পক্ষের কিছু লোকজন একই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেনের পক্ষে যোগদান করে। এ নিয়ে ৩-৪ দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। শুক্রবার দিনগত রাত ৯টার দিকে ইব্রাহিম ও জাকির পক্ষের সংঘর্ষ বাধে। রাত ২টা পর্যন্ত সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ২০ বাড়িতে হামলা-পাল্টা হামলা হয়। এ সময় অন্তত ৩০ বসতঘর ভাঙচুর চলে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহত কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) ডি এম বেলায়েত হোসেন বলেন, ‘সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৫ রাউন্ড রাবার বুলেট ছুঁড়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।’
