পশ্চিমের জেলাগুলোর বাজার দখল করে রেখেছে ভারতীয় বাইসাইকেল। দেশি বাইসাইকেলের দাম কম হলেও ক্রেতাদের কাছে ভারতীয় সাইকেলের কদর বেশি।
যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বাইসাইকেলের দোকানগুলো ভারতীয় সাইকেলে সয়লাব। নানা ব্রান্ডের ভারতীয় সাইকেল আমদানির মাধ্যমে আসছে। আবার অবৈধ ভাবেও আসছে। ভারতীয় বিএসএ বাইসাইকেল ৬ হাজার ১ শ টাকা, ক্যাপটেন সাড়ে ৫ হাজার টাকা, এ্যাভন ৫ হাজার ২শ টাকা, টাটা জ্যাম্ব সাড়ে ৫ হাজার টাকা, হিরো ৫ হাজার ৬শ টাকা ও হারকুলেস ৫ হাজার ৭শ টাকায় বিক্রি হচ্ছে।
অপর দিকে বাংলাদেশি বিএসএ ৩ হাজার ৮শ টাকা, মেঘনা ৯ হাজার টাকা ও দূরন্ত সাইকেল বিক্রি হচ্ছে ৬ হাজার ২শ টাকা দরে। এসব সাইকেলের মান ভারতীয় সাইকেল থেকে ভালো।
ঝিনাইদহের শৈলকুপার সবুজ উদ্দিন নামে একজন বাইসাইকেল ব্যবসায়ী জানান, ক্রেতা দোকানে এসেই ভারতীয় সাইকেল চায়। বাংলাদেশে তৈরি সাইকেলের চাহিদা খুবই কম। ভারতীয় সাইকেল একশ খানা বিক্রি হলে, বাংলাদেশি সাইকেল ৮/ ১০ খানা বিক্রি হয়।
