সাভারের আশুলিয়ায় প্রাইভেটকার, যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার দিবাগত রাতে আশুলিয়ার মরাগাং এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, রাতে আশুলিয়ার মরাগাং এলাকায় ঢাকামুখী একটি বাস একটি কাভার্ডভ্যানকে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি দ্রুত গতির প্রাইভেটকারের সঙ্গে বাস ও কাভার্ডভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস, কাভার্ডভ্যান ও প্রাইভেটকারটি পাশের খাদে পড়ে যায়। পরে আশুলিয়া থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মনির জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত যান তিনটির চালকদের কাউকে আটক করতে পারেনি।
