হবিগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪৯
হবিগঞ্জের অলিপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ কোম্পানির ছয় শ্রমিক দগ্ধ হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। 
 
দগ্ধরা হলেন- প্রাণ কোম্পানির শ্রমিক আব্দুল মোত্তালিব (২৫), রবিউল ইসলাম (২২), আলমগীর হোসেন (২৬), নাছিম মিয়া (২৭), সুমন মিয়া (২৮) ও শিপন মিয়া (৩০)। 
 
দগ্ধ শ্রমিকরা জানায়, অলিপুরে অবস্থিত প্রাণ কোম্পানির ভেতরে একটি রুমে গ্যাস সিলিন্ডারে কাজ করার সময় হঠাৎ করে এর বিস্ফোরণ ঘটে। এসময় মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। দগ্ধ হন ছয় শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
হবিগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।